# তোমার কল্পনা এবং আমি

Published: 2011-05-17

তোমার কল্পনার মানুষটির মত কখনোই হতে পারব না আমি,

কিভাবে পারব বলো?

সে নিশ্চই ভাড়া নিয়ে রিক্সাওয়ালার সাথে দরাদরি করে না

কিংবা কাচাবাজারে সবজির দাম বেশি বলে বিক্রেতার সাথে তর্ক জুড়ে দেয় না

তোমার কল্পনার রাজপুত্র নিশ্চই ঘর্মক্লান্ত হয়ে বাড়ি ফেরে না

সে নিশ্চই বাসে ওঠার জন্য সহযাত্রী কে ধাক্কা দেয় না

আচ্ছা সে কি জ্বালানী তেলের মূল্যবৃদ্ধি নিয়ে চায়ের কাপে ঝড় তোলে?

নাকি সে তোমার কল্পনার মত সারাক্ষন তোমাকে নিয়েই মশগুল।

সফেদ ভাতের প্লেটে চুল কেন? কিংবা তরকারিতে লবন কেন বেশি?

হাত খরচার টাকার জন্য সে কি মায়ের পিছন পিছন ঘুরঘুর করে?

মোড়ের টং দোকানওয়ালা নিশ্চই তাকে বাকি চেয়ে তাগাদা দেয় না।

সে নিশ্চই ছেড়া ফিতাওয়ালা স্লিপার নিয়ে মুচির কাছে যায় না।

আমি তোমার কল্পনার মানুষ কিভাবে হবো বলো?

আমি তো আর দেখতে শেষের কবিতার অমিতের মত নই

হুমায়ূনের হিমু কিংবা মিসির আলীর অতিন্দ্রীয়তাও যে আমাকে স্পর্শ করে না

খুব সাধারন, আটপৌরে জীবন আমার

তবুও আমি, তোমার আমি হতে চাই

হতে চাই আমি সেই ভালবাসার জোড়ে যে ভালবাসা আজও পৃথিবীর কেউ পায় নি।

তোমার স্বপ্নের সারথী আমি কি করে হবো বলো?

সে তো আর বন্ধুদের আড্ডায় পড়ে সময়জ্ঞান ভুলে যায় না আমি কি করবো বলো?

আমি যে মুঠোফোনে জীবনান্দের কবিতা আওড়াতে পারি না

মিষ্টি প্রেমপত্র কিংবা বাবার পকেট মেরে একগুচ্ছ গোলাপ

অথবা কিশোর ছেলেদের মত তোমার জন্য রোদে দাড়িয়ে থেকে জন্ডিস বাধানো

এর কোনোটাই যে আমাকে দিয়ে হবে না,

তোমাকে আকৃষ্ট করার মত কিছুই যে নেই

আমার তবুও আমি তোমার কাছাকাছি থাকতে চাই, হাত ধরতে চাই

আমি যে তোমাকে ভালবাসি, সত্যিই ভালবাসি এটুকুই কি যথেষ্ট নয়?

২৫.০৮.২০০৮

রাত ১০.৪৫