Nuruzzaman Milon

Writing

ভালবাসার জন্য

তোমার কি ভালবাসা চাই?
কোন ভালবাসা? কতটা, কত গভীরতার?
যা চাও সবই দিতে পারব আমি।
ভালবাসার জন্য তাজমহল আমি বানাতে পারব না ঠিকই
তবে আমার হৃদয়ে যে তাজমহল, তোমার জন্য
তা কি দেখে কখনো শেষ করতে পারবে?
সম্রাট এডওয়ার্ডের মত কখনোই আমি সিংহাসন ছেড়ে দেব না
বরং তোমার জন্য তার একপাশে জায়গা করে দেব।

দান্তের মত হয়ত ডিভাইন কমেডি লিখে দিতে পারব না
অথবা কবি ইকবালের মত প্রেমের কোন মহাকাব্য
তবে হৃদয় নিঙরানো অনুভূতি ঠিকই বোঝাতে পারব তোমাকে
তোমাকে কোটি কোটি টাকা হয়ত দিতে পারব না ঠিকই
তবে কখনো তোমাকে কোন অভাবে রাখব না
অন্তত ভালবাসার অভাব তো নয়ই,
তোমার জন্য মায়ের শাসন, বাবার রক্তচক্ষু উপেক্ষা করতে পারব
এক কাপড়ে রাস্তায় এসে দাড়াতে পারব
পুরোটা মেঘনাদবধ মুখস্ত শোনাতে পারব
আশি পৃষ্ঠার একটা রোমান্টিক প্রেমপত্র লিখে দিতে পারব
ক্লাস ফাঁকি দিয়ে ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করতে পারব
তুমি যদি বল, হেরে গলায় তোমাকে গানও শোনাতে পারব
শীতের রাতে সাতরে পুকুর পাড়ি দিতে পারব
দু'পায়ে ভর করে টেকনাফ থেকে তেতুলিয়া ঘুরে আসতে পারব
ঘন্টার পর ঘন্টা অপলক তোমার দিকে তাকিয়ে থাকতে পারব
সারাজীবন তোমার অপেক্ষায় থাকতে পারব
ভালবাসার জন্য আমি কিন্তু অনেক কিছুই করতে পারব, করবোও
তবে ভালবাসাহীন কোন মানুষের জন্য, এক বিন্দুও নয়।

২৯.০৮.২০০৮
রাত ১১.০৬

#personal #poem

Type to search writing, talks, books, and categories.